শ্রদ্ধা, শোক, স্মরণ
আহমেদ ফেরদৌস ফয়সাল, এসএসসি ব্যাচ: ১৯৯৩, সাংবাদিক
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল শুরু হয়েছিল ১৯৬৩ সালের ৩ সেপ্টেম্বর। ধানমন্ডির যে মাঠে আমরা একসময় ছুটে বেড়াতাম, সেখানে পা রাখলেই মনে হয় এই প্রতিষ্ঠানের ইতিহাস আমাদের প্রত্যেকের ভেতরে বাঁচা আছে। প্রথম এসএসসি পরীক্ষা হয়েছিল ১৯৬৪ সালে। স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক খান মুহম্মদ সালেক শুরু করেছিলেন এমন এক আদর্শ নিয়ে, যার নাম "আলো আরও আলো"। সেই আলো আজও আমাদের পথ দেখায়।
১৯৭১ সালে এই স্কুলের তিনজন ছাত্র, শহীদ আকরাম, শহীদ মুনীর আর শহীদ মাজহার, মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছিলেন। তাঁদের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়, এই স্কুল শুধু পড়াশোনার জায়গা ছিল না, এখানে দায়িত্ববোধও শেখানো হতো।
এই আদর্শ শেখানোর মানুষগুলো ছিলেন আমাদের শিক্ষকেরা। কারও গর্জনে ক্লাস কেঁপে উঠত, আবার কারও একটু স্নেহের স্পর্শে সব ভয় মিলিয়ে যেত।
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ক্লাসরুমে যাঁরা আমাদের হাত ধরে হাঁটতে শিখিয়েছেন, তাঁদের কথা লিখতে বসলে মনটা আজও সেই পুরোনো দিনে ফিরে যায়। কারও গর্জনে ক্লাস কেঁপে উঠত, আবার কারও একটু স্নেহের স্পর্শে সব ভয় মিলিয়ে যেত। তখন বুঝিনি, আজ বুঝি, সেই কঠোরতা আর ভালোবাসা একই সুতোয় গাঁথা ছিল।
মুহম্মদ জহুরুল হক স্যার, “টাইগার স্যার”। তাঁর হুংকার শুনলে বুক দুরদুর করত। স্কুল পালানোর পরিকল্পনা যখন প্রায় পাকা, তখন সবার মুখে একটাই প্রশ্ন ফিসফিস করে উঠত, “টাইগার কই?” অথচ মোহাম্মদপুর সরকারি স্কুলের প্রধান শিক্ষক থাকাকালীন একদিন আমাদের দেখে তাঁর চোখে স্নেহের ঝিলিক নিয়ে হেসে উঠতে দেখেছি। সেই কঠোরতার আড়ালে যে এমন উদার হৃদয় লুকিয়ে ছিল, তখন বুঝিনি। আজ বুঝি, আর চোখের কোণ একটু ভিজে ওঠে।
শহীদুর রহমান স্যার,। সাদা পাঞ্জাবি, পায়জামা আর টুপিতে তিনি যখন বারান্দা দিয়ে হেঁটে আসতেন, পুরো স্কুল যেন সোজা হয়ে দাঁড়াত। দুষ্টুমির ছলে ছাত্ররা তাঁকে “ফাটটা” ডাকতো। কেন ডাকতাম, কিন্তু সেই ডাকের কারণ জানিনা । সহকারী প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির মহাসচিব হিসেবে তাঁর দায়িত্ব ছিল বিশাল। ছেলের অকাল মৃত্যুর মতো গভীর শোকের পরেও তিনি শিক্ষা দেওয়ার কাজ থেকে সরে দাঁড়াননি। তাঁর সেই অবিচলতা দেখে মনে হতো, মানুষ কতটা শক্ত হতে পারে, আবার কতটা নরম।
আনিস সিদ্দিকী স্যার। ১৯৮৫ সালে তৃতীয় শ্রেণিতে তাঁর ক্লাসে প্রথম বুঝেছিলাম, শিক্ষক শুধু বই পড়ান না, জীবনের গল্পও শোনান। পরে জেনেছি, তিনি একজন প্রখ্যাত সাহিত্যিক ছিলেন, ১৯৮৭ সালে সাহিত্যে একুশে পদক পেয়েছিলেন। সেই জানায় বুক গর্বে ভরে উঠেছিল যে এমন একজন মানুষের কাছে পড়েছি। তাঁর ক্লাসে আমরা শুধু পড়াশোনা নয়, জীবনের পাঠও শিখেছি।
কাজী মোজাম্মেল হক স্যার। বাংলার এই শিক্ষকের কাছে পড়েননি, ঢাকা শহরে এমন ছাত্র খুব কম। আমরা তাঁকে আড়ালে “মোজা” বলে ডাকতাম, আর তিনি হাসতেন। কিন্তু একদিন মন খারাপ করে তিনি যা বলেছিলেন, “তোমরা আমাকে ‘মোজা’ বলে ডাকো, কিন্তু লেখাপড়া না শিখলে তোমাদের ছেলেমেয়েরা তোমাদের মোজা জুতা-স্যান্ডেল বলবে”, সেই কথা আজও কানে বাজে। হাসির আড়ালের সেই সতর্কবাণী জীবনের অনেক মোড়ে আমাদের থামিয়ে দিয়েছে।
জহিরুল ইসলাম খান স্যার, “জিক স্যার”। জীববিজ্ঞানের ক্লাসে তাঁর ছবি আঁকার হাত আর ছাত্রদের প্রতি অফুরন্ত ভালোবাসা আমাদের মুগ্ধ করত। এই শিক্ষকের কাছে পড়েননি, ঢাকা শহরে এমন ছাত্রছাত্রী খুব কম। বৃদ্ধ বয়সেও তিনি চারটি দৈনিক পত্রিকা সংগ্রহ করে ছাত্রদের লেখা পড়তেন এবং ফোন করে খোঁজ নিতেন। আমার লেখা কোথাও ছাপা হলে তিনি ফোন করে জানতে চাইতেন। এই স্নেহের ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়, শুধু মাথা নুইয়ে স্বীকার করা যায়। এই বয়সেও স্যারের এত স্মরণ শক্তি , নাম ব্যাচ বাবা মা কী করে ইত্যাদি সব বলে দিতে পারেন।
আনোয়ারুল করিম স্যার। তাঁর কঠোরতা একসময় ভয় দিত, কিন্তু আজ স্বীকার করি, তাঁর পরামর্শ জীবনের পথে বারবার কাজে লেগেছে। আমাদের অষ্টম ও নবম শ্রেণির ক্লাস টিচার হিসেবে তিনি শাসনের পাশাপাশি স্নেহও দিয়েছেন। পঞ্চম শ্রেণিতে ঘড়ি পরার “অপরাধে” তিনি এমন শাসন করেছিলেন যে, আজ সেই ঘটনা মনে পড়লে আমরা হেসে ফেলি, আর সেই শিক্ষাও ভুলিনি।
ওয়াজিউল্লাহ স্যার। আরবির ক্লাসে পড়া না পারলে তাঁর সেই “ফলস মাইর” মনে পড়লে আজও ঠোঁটে হাসি ফোটে। দৃষ্টিশক্তি কম থাকায় তাঁর শাসনের ধরন ছিল অদ্ভুত, কিন্তু সেই হাসির ভেতরেও ছিল শিক্ষকের প্রতি এক ধরনের ভক্তি।
রাশেদ আলী খন্দকার স্যার। ইংরেজির ক্লাস ছিল আনন্দের। দুষ্টুমি বা পড়া না পারলে তিনি “কনসেশন” ব্যবস্থা চালু করতেন, আর আমরা বলতাম, “স্যার, ছয় বেত কনসেশন জমা আছে!” মাঝেমাঝে মিথ্যে বলে মাইর থেকে বাঁচতাম, আর তিনি হাসতেন। সেই হাসির ভেতরেই শাসনের পাশে স্নেহ লুকিয়ে থাকত।
দেলোয়ার হোসেন স্যার, “লেবুমামা”। প্রক্সি ক্লাসে তিনি “লেবুমামার সপ্তকাণ্ড” শোনাতে শুরু করলেই পুরো ক্লাস হাসিতে ভরে উঠত। চতুর্থ শ্রেণি থেকে ১৯৯২ সাল পর্যন্ত যখনই তিনি ক্লাসে আসতেন, আমরা এই গল্প শুনতে চাইতাম। সেই আনন্দের রেশ আজও হৃদয়ে বাজে।
অন্যান্য শিক্ষকগণ। আব্দুর রশীদ স্যার, লালমোহন চক্রবর্তী স্যার, খায়ের স্যার, খলিলুল্লাহ স্যার, আব্দুল হাই স্যার, আব্দুর রাজ্জাক স্যার, এঁদের প্রত্যেকের শিক্ষা ও শাসন আমাদের জীবনে গভীর ছাপ ফেলেছে। আব্দুর রাজ্জাক স্যার আমাদের কখনও জরিমানা না দেওয়ার কৌশল শিখিয়েছিলেন, যা আমরা হাসতে হাসতে মেনে চলতাম।
যাঁরা আজ আর আমাদের মাঝে নেই, তাঁদের জন্য রইল গভীর দোয়া। যাঁরা আছেন, তাঁদের জন্য রইল কৃতজ্ঞতা আর দীর্ঘায়ুর প্রার্থনা। ল্যাবরেটরির এই শিক্ষকদের কাছে আমরা শিখেছি, আলো ছড়াতে হলে আগে নিজেকে জ্বলতে হয়। আজ সেই আলো নিয়েই আমরা ছড়িয়ে পড়ি পৃথিবীর নানা প্রান্তে, আর মনে মনে বলি: “আলো আরও আলো।”
আহমেদ ফেরদৌস ফয়সাল, এসএসসি ব্যাচ: ১৯৯৩, সাংবাদিক, মোবাইল : ০১৭১৩০৬৭৬৭৮