শুরুর দিনগুলোর গল্প
মহিউদ্দিন আহমদ
আম্মা অনেক বছর স্কুলে পড়িয়েছেন। পুরান ঢাকা ছাড়ার পর তাতে যতি পড়ে। মোহাম্মদপুরে আসার পর আবার একটা সুযোগ তৈরি হয়। লালমাটিয়া গার্লস হাই স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সেক্রেটারি আসাদুল্লাহ সাহেব আমাদের পরিচিত। মতিঝিলে যাওয়ার আগে লালমাটিয়ার যে জায়গাটায় আমরা থাকতাম, তার কাছাকাছি থাকতেন তিনি। তখন থেকেই জানাশোনা। তিনি আম্মাকে ধরলেন স্কুলে যোগ দিতে। তো আম্মা লালমাটিয়া স্কুলে যাওয়া-আসা শুরু করেন। বাসা থেকে হেঁটেই যান। পাড়ার কয়েকটি মেয়ে ওই স্কুলে পড়ে। কখনো কখনো তারাও আম্মার সঙ্গে যায়।
এদিকে আমার ক্লাস ফোরের ফাইনাল পরীক্ষা হয়ে গেছে। শিক্ষকরা চাইছিলেন আমি যেন ফাইভ পর্যন্ত এই স্কুলেই পড়ি। কিন্তু আমার আর ভালো লাগছিল না। স্কুল বলতে আমি বুঝি বড় একটা ভবন, টানা বারান্দা, খেলার মাঠ। এখানে সেটা নেই। আমি ক্লাস ফাইভে আর সেখানে থাকলাম না। কিন্তু পড়াশোনা তো চালিয়ে যেতে হবে। আম্মা আমাকে লালমাটিয়া গার্লস স্কুলে ভর্তি করিয়ে দেন। সেখানে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ছেলে-মেয়ে একসঙ্গে পড়ে। তারপর শুধু মেয়েরা। এটা মেয়েদের স্কুল নামেই পরিচিত।
আমি আম্মার সঙ্গে হেঁটে স্কুলে যাই, আসি। বাসায়ও আম্মার কাছেই পড়ি। একদিন আব্বা অফিস থেকে এলেন। হাতে একটা পেপার কাটিং। ধানমণ্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ছাত্র ভর্তির বিজ্ঞাপন। আব্বা আমার নামে একটা দরখাস্ত দিয়ে দেন। আগস্ট মাসের শুরুর দিকে হয় ভর্তি পরীক্ষা। আব্বা আমাকে নিয়ে যান স্কুলে। ঢাকা কলেজের পাশে, টিচার্স ট্রেনিং কলেজের পেছনে। নতুন স্কুল। তখনো ক্লাস শুরু হয়নি। ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত ক্লাস। আমি ক্লাস ফাইভের জন্য ভর্তি পরীক্ষা দিই।
সপ্তাহখানেক পরে আব্বা একদিন বললেন, আজ ভর্তি পরীক্ষার রেজাল্ট জানানো হবে। আব্বা আমাকে নিয়ে স্কুলে গেলেন। স্কুলের বারান্দায় নোটিস বোর্ডে কৃতকার্যদের রোল নম্বর দেওয়া আছে। আমার রোল নম্বরটা সেখানে ছিল। আব্বা আমাকে নিয়ে নিউমার্কেটে গেলেন। আমরা রসগোল্লা খেলাম।
তারপর থেকে লালমাটিয়া স্কুলে যাওয়া বন্ধ। মেয়েদের স্কুলে পড়ার অস্বস্তি থেকে মুক্তি পেয়ে আমি বেশ আত্মহারা। তাছাড়া সরকারি স্কুলে পড়ার সুযোগ পেয়েছি। সেখানে অনেক সুযোগ-সুবিধা।
একদিন আব্বা আমাকে স্কুলে নিয়ে ভর্তি করিয়ে দিলেন। জানানো হলো, ২৮ আগস্ট থেকে ক্লাস শুরু হবে। নির্দিষ্ট দিনে স্কুলে গিয়ে জানতে পারি, স্কুলের নতুন নাম হয়েছে গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। আমাদের ক্লাস শুরু হয়ে গেল। সকাল সাড়ে দশটায় ক্লাস শুরু। ক্লাস ওয়ান-টু'র ছুটি হয় বেলা একটায়, থ্রি-ফোর-ফাইভ বেলা তিনটায়, সিক্স-সেভেন-এইট বিকেল সাড়ে চারটায়। পরের বছর ক্লাস এইটের ছাত্ররা ক্লাস নাইনে ওঠে। চালু হয় ক্লাস নাইন। তার পরের বছর নাইনের ছেলেরা টেনে ওঠে। চালু হয় ক্লাস টেন। আমার জানা মতে, তখন ঢাকা শহরে এটাই একমাত্র সরকারি স্কুল, যেখানে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত ছিল।
কামরাগুলো বেশ উঁচু। অনেক জানালা। প্রত্যেক ক্লাসরুমে দুটো করে দরজা। চারদিক থেকে আলো-বাতাস আসে। স্কুলের মাঠটা বিশাল। এত বড় মাঠ আমি আর কোনো স্কুলে দেখিনি। মাঠে একটা জলাশয়। পরে সেটা মাটি দিয়ে ভরাট করা হয়েছিল।
স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ১৯৬১ সালের ৩ সেপ্টেম্বর। উদ্বোধন করেন ডিপিআই মোহাম্মদ শামসুল হক। পরে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। এরপর স্কুলের নানা অনুষ্ঠানে, বিশেষ করে বার্ষিক পুরস্কার বিতরণী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে তিনি আসতেন। এমন সৌম্যদর্শন মানুষ খুব কম দেখেছি ।
আমরা আসলে ছিলাম টিচার্স ট্রেনিং কলেজের ল্যাবরেটরি। ওই কলেজের ছাত্ররা সবাই শিক্ষকতার চাকরি থেকে ছুটি নিয়ে কিংবা স্কুল শিক্ষক হতে ট্রেনিং নিতে আসেন। কলেজের ছাত্ররা প্রত্যেক বছর বিভিন্ন সরকারি স্কুলে গিয়ে মাসখানেক ক্লাস নেন। এটাকে বলা হয় প্র্যাক্টিস টিচিং। তো আমাদের ক্লাসেও তাঁরা এসে এক মাস পড়ান। তারপর সব বিষয়ে পঁচিশ নম্বরের পরীক্ষা হয়। দেখা গেল, আমি সেকেন্ড হয়েছি। তখন একটু নজরে পড়ি অন্যদের। স্কুলে আমার টিউশন ফ্রি করে দেওয়া হয়। শুধু ‘ইউনিয়ন ফি’ হিসেবে দেড় টাকা দিতে হতো।
আমরা একেকজন একেক রকমের পোশাক পরে স্কুলে যাই। সবাই যাতে এক রকম পোশাক পরে আসি, সে জন্য চালু হয় স্কুল ইউনিফর্ম। নেভি ব্লু প্যান্ট আর সাদা শার্ট। ক্লাস ফাইভ পর্যন্ত হাফ প্যান্ট। সিক্স থেকে ফুল প্যান্ট।
টিফিন পিরিয়ড চল্লিশ মিনিটের। আমরা সবাই বাড়ি থেকে টিফিন বক্সে খাবার নিয়ে আসি। স্কুলে বেসিনের কল থেকে পানি খেয়ে নিই। আমাদের ক্লাস হয় দোতলায়। সেখানে খোলা ছাদ আছে। ছাদে বসে আমরা টিফিন খাই। অনেক সময় আমরা একে অন্যের টিফিন ভাগাভাগি করে খেয়েছি। তারপর স্কুল থেকেই টিফিন দেওয়া চালু হয়।
টিফিন ফি মাসে পাঁচ টাকা। স্কুল ভবনের একতলায় একটা কামরায় টিফিন বানানো হয়। দুপুর একটা বাজলেই টিফিনের ঘণ্টা পড়ে। ক্লাস থেকে দুজন ছুটে যায় টিফিন আনতে। অ্যালুমিনিয়ামের বড় একটা প্যানে করে যার যার ক্লাসের টিফিন নিয়ে আসতে হয়। তারপর আমরা একজন একজন করে ওই পাত্র থেকে যার যার বরাদ্দ সংগ্রহ করে নিই। টিফিন খেয়ে পেট ভরে যায়। একেক দিন একেক রকম। বেশিরভাগই ছিল পরাটা- ভাজি, সঙ্গে একটা কলা অথবা সেদ্ধ ডিম। আমের মৌসুমে প্রায়ই আমাদের দেওয়া হয় একটা করে ফজলি আম। আমরা লাইন ধরে বারান্দায় বসে আম খাই। খোসা ছিঁড়ে নিচে ড্রেনে ফেলে দিই। বাসায় ফজলি আম খাই কাটা টুকরা। এখানে আস্ত আম সামলাতে হিমশিম খেতে হয়। হাত-মুখ আমের রসে ভরে যায়। সে এক অবাক করা দৃশ্য!
একতলায় একটা বড় কামরার ফ্লোরে মোজাইক টাইলস বসিয়ে সেটাকে নামাজের ঘর ঘোষণা করা হয়। কোনো ক্লাসের কোনো একজন দৌড়ে গিয়ে আজান দিয়ে আসে। আমিও কয়েকবার দৌড়ে গিয়ে আজান দিয়েছি। নামাজ পড়ার ব্যাপারে বাধ্যবাধকতা নেই। দিনিয়াত স্যার নামাজ পড়তে উৎসাহ দিতেন।
হাফ ইয়ার্লি পরীক্ষায় আমি আবারও সেকেন্ড হই। ফাইনাল পরীক্ষার আগে বৃত্তি পরীক্ষা হবে। আমাদের ক্লাস থেকে তিনজনকে সিলেক্ট করা হয়, আমরা যারা আগের পরীক্ষায় ফার্স্ট-সেকেন্ড-থার্ড হয়েছি। পরীক্ষার সিট পড়ে নবাবপুর গভ. হাই স্কুলে। দু'দিন দু'বেলা পরীক্ষা হয়। তারপর ক্লাস ফাইভের ফাইনাল পরীক্ষা। আমি আবারও সেকেন্ড। আহমদ আলী প্রত্যেকবার ফার্স্ট হতো। ওকে হারানো ছিল প্রায় অসম্ভব!
হেড স্যার নিয়ম করে দেন, যারা পরীক্ষায় প্রথম তিনজনের মধ্যে থাকবে, তাদেরকে টিউশন ফি দিতে হবে না। স্কুল জীবনে আমাকে আর টিউশন ফি দিতে হয়নি। মাসে সাড়ে ছয় টাকা দিতাম। দেড় টাকা ইউনিয়ন ফি আর পাঁচ টাকা টিফিন ফি। টিউশন ফি বেশি ছিল না। ক্লাস ওয়ান-টু এক টাকা, থ্রি-ফোর দু'টাকা, ফাইভ-সিক্স তিন টাকা, সেভেন- এইট চার টাকা আর নাইন-টেন পাঁচ টাকা।
ক্লাস সিক্সে উঠেছি। একটু সিনিয়র সিনিয়র ভাব এসেছে। হাফ প্যান্ট পরে স্কুলে যাওয়া যাবে না। মোহাম্মদপুর টাউন হল মার্কেটের এক কোনায় ছিল নবি টেইলারিং হাউস। আব্বা আমাকে নিয়ে গেলেন। দোকানেই কাপড় ছিল। খলিফা প্যান্টের মাপ নিল। এখন কেউ আর খলিফা বলে না। বলে দর্জি। আব্বা প্যান্টের ঝুল দু'ইঞ্চি বাড়িয়ে দিতে বললেন। তখন তো শরীর বাড়ছে। প্যান্টটা লম্বা হলে বেশিদিন পরতে পারব।
কাপড় ছিল আড়াই টাকা গজ। এখন তো গজের হিসাব আর নেই। মিটার এসে গেছে। দেড় গজ কাপড় লেগেছিল। সেলাই খরচ পাঁচ টাকা। জীবনে প্রথম ফুল প্যান্ট পরলাম। আমি বড় হয়ে গেছি। সে কী উত্তেজনা!
(মহিউদ্দিন আহমদ, ল্যাব-১৯৬৭)